আড়ালে-আবডালে অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়ক পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউজের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আড়ালে-আবডালে অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন। তবে এ ধরনের উপস্থিতি জানান দিয়ে নির্বাচিত সরকার বা জনগণ যে সুব্যবস্থাপনার মধ্যে আছে, তার কোনো বিচ্যুতি ঘটাতে পারবে না।’
এ সময়মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কেরকাজের অগ্রগতি এবং উদ্বোধনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে।’
তিন হাজার ৩১৮ কোটি ৭৯ লাখ টাকায় মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়ক প্রকল্প বাস্তবায়ন করছে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। মুন্সীগঞ্জ থেকে ঢাকায় যোগাযোগব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পটি।
এটি চালু হলে মুন্সিগঞ্জের সঙ্গে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার সড়ক যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি যাতায়াতের সময় কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ অঞ্চলের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়ক পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গজারিয়ার ফুলদি সেতু এলাকা পরিদর্শনে যান।
এসময় স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
