রহস্য স্পিনার হিসেবে দলে এসেছিলেন আলিস আল ইসলাম। অনেক অপেক্ষার পর তিনি অভিষিক্ত হয়েছিলেন আফগানিস্তান ম্যাচে। তবে অভিষেকেই বড় বিপাকে পড়ে গেছেন তিনি। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন এই স্পিনার।
সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজে বুধবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এটি হয়েছে। ম্যাচ কর্মকর্তারা তার বোলিং অ্যাকশন বৈধ কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
২৯ বছর বয়সী আলিস ওই ম্যাচেই জাতীয় দলে অভিষেক করেছিলেন। তিনি ৮.৩ ওভার বল করেন। উইকেট পাননি, রান দেন ৪৭। ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে হেরে যায়।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন আলিসের বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন হবে। এটি হবে আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাকেন্দ্রে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন বিধি অনুযায়ী এই পরীক্ষা নেওয়া হবে।
আলিস এর আগেও দুইবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্টেড হয়েছেন। দুবারই ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে। প্রথমবার ২০১৯ সালে। সেটি ছিল বিপিএলে তার অভিষেক মৌসুম। দ্বিতীয়বার ২০২৫ সালে।