একটি নীরব ঘর, বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে দুই শিশুসন্তানের নিথর দেহ, আর ঘরের বর্গায় ওড়নায় ঝুলছে মায়ের মরদেহ। ঘরের কাঁচা দেয়ালে কচুর ডাঁটা দিয়ে লেখা কয়েকটি নির্মম শব্দ—‘আজ থেকে এই গল্প শেষ’। যে ঘরে মা আর সন্তানদের কলকাকলিতে মুখর থাকার কথা ছিল, সেখানেই ঘটল চরম বিয়োগান্তক ট্র্যাজেডি।
গতকাল রোববার (১৮ অক্টোবর) রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রাম থেকে এই দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—স্বর্ণা বেগম (২০), তার দুই বছর বয়সী শিশুপুত্র সাফায়াত হোসেন এবং মাত্র ৯ মাস বয়সী শিশুকন্যা রাইফা জুরাইনা।
পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী ও স্বজনদের ওপর ক্ষোভ থেকে দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে বা শ্বাসরোধে হত্যার পর স্বর্ণা বেগম নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে স্থানীয়দের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, স্বামী শাকিল হোসেন প্রায়ই স্বর্ণাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এটি আত্মহত্যা নয়, বরং স্ত্রী ও অবুঝ দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যার পর সাজানো নাটক হিসেবে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে শাকিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বর্ণা। ঘটনার দিন রোববার সন্ধ্যার আগে পারিবারিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে তীব্র ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শাকিল বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাতে ফিরে এসে তিনি স্ত্রী ও সন্তানদের মৃত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।
এদিকে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘরের দেওয়ালে আরও একটি হৃদয়বিদারক চিরকুট লেখা পাওয়া যায়। তাতে লেখা ছিল—‘আমি অভাগি মা। আমার সন্তানদের নিজে মারছি। সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। লাশ পলাশবাড়িতে মাটি দেন। শাকিল যেন না ছোঁয়, বাবা-মা সরি। আই লাভ ইউ।’ লেখাটি আসলেই স্বর্ণার, নাকি অন্য কারো চক্রান্ত—তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বর্ণার বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা করেছেন। আজ সোমবার (১৯ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাকিল হোসেন (২৬), শ্বশুর মাহাতাব উদ্দীন (৫০) ও শাশুড়ি রজমত আলা তারাবিবিকে (৪২) আটক করেছে পুলিশ।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ গভীরভাবে কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য শাকিলসহ তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত অনেক দূর এগিয়েছে, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
