ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনির খামারে হামলা চালিয়ে ছুরিকাঘাতে প্রায় ২০টি ভেড়া হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রামাল্লার উত্তর-পূর্বে কাফর মালিক গ্রামের একটি খামারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম।
শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বসতি স্থাপনকারীরা গ্রামের উপকণ্ঠে অবস্থিত খামারটিতে প্রবেশ করে ভেড়াগুলোকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে একসঙ্গে স্তূপ করে রাখা বেশ কয়েকটি ভেড়ার ক্ষতবিক্ষত মরদেহ দেখা গেছে।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তি ও গবাদিপশুকে লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের জীবিকা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যান্য খামারিরাও আতঙ্কে নিজেদের পশু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
