চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
গতকাল শুক্রবার রাতে ব্যাংকের দ্বিতীয় তলার আবাসিক কক্ষে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।
তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে ব্যাংকের দ্বিতীয় তলার আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে পেট্রলভর্তি বোতলজাতীয় কোনো বস্তু ভেতরে নিক্ষেপ করা হয়। এতে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে কক্ষের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
গ্রামীণ ব্যাংকের শাখা অফিস সহকারী নিত্য হাওলাদার জানান, রাতে জানালা দিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবির এবং সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
