ইউরোপের ছোট ও মাঝারি আকারের ৪২ শতাংশ প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অ্যালগরিদমভিত্তিক ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করছে। তবে কর্মী নিয়োগ, মূল্যায়ন ও অন্যান্য কর্মীসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ প্রযুক্তির ওপর আস্থা নেই প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত ইউরোব্যারোমিটারের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া আরও ২১ শতাংশ প্রতিষ্ঠান ভবিষ্যতে এআই ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠান সীমিত পরিসরে বা পরীক্ষামূলকভাবে এসব প্রযুক্তি ব্যবহার করছে।
জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ প্রতিষ্ঠান গ্রাহকসেবা ও যোগাযোগের কাজে এআই ব্যবহার করে। কর্মীদের কাজের মান ও উৎপাদনশীলতা পর্যবেক্ষণে এটি ব্যবহার করে ৩৬ শতাংশ প্রতিষ্ঠান। আর পণ্য পরিবহন, পরিকল্পনা ও কর্মীদের কাজের সময়সূচি তৈরিতে এআই ব্যবহার করে ৩০ শতাংশ প্রতিষ্ঠান।
জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, এআই সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ৭৫ শতাংশের ধারণা, এ প্রযুক্তি কাজের মান উন্নত করবে। তবে ৯০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত মানুষই নেন। মাত্র ২ শতাংশ প্রতিষ্ঠানে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
এআই ব্যবহারের পথে বড় বাধা হিসেবে উঠে এসেছে বেশি বিনিয়োগ খরচ, আইনি অনিশ্চয়তা ও দক্ষ কর্মীর অভাব। জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ প্রতিষ্ঠান বেশি খরচকে, ৪৯ শতাংশ আইনি অনিশ্চয়তাকে এবং ৪৮ শতাংশ প্রয়োজনীয় দক্ষতার অভাবকে বাধা হিসেবে চিহ্নিত করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
