ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেছেন, দলের মুখপাত্র সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও আজিঙ্কা শিন্ডেসহ বেশ কয়েকজন নেতাকে আবারও আটক করেছে দিল্লি পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে লেখেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ককরোচরা যন্তর মন্তরে যায়। সেখানে দিল্ল পুলিশের হাতে তারা আটক হন। দীপকে জানান, দিল্লি পুলিশের হাতে আটকের সময় সিজেপি নেতাদের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল।
বিজ্ঞাপন
দীপকে টুইট করে লেখেন, নরেন্দ্র মোদী, আপনি প্রতিরোধকে বাধা দিতে পারবেন না।
দিল্লি পুলিশ সিজেপি নেতাদের মধ্যে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটকের কথা নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
এর আগে, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভের আগমুহূর্তে প্লেনের ভেতর থেকেই আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে।
সে সময় সিজেপির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, যাত্রীরা নামার আগেই পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে প্লেনের ভেতরে প্রবেশ করছেন। এ সময় দলের নেতাদের পুলিশের সঙ্গে কথা বলতে এবং স্লোগান দিতে দেখা যায়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তারা।
সিজেপির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি প্রায় তিন মিনিটের ভিডিওতে অভিজিৎ দীপকেকে বলতে শোনা যায়, তারা দিল্লিতে অবতরণ করেছেন, কিন্তু পুলিশ প্লেনের ভেতর থেকেই তাদের আটক করতে এসেছে।
পুলিশ সদস্যরা প্লেনের ভেতরে ঢুকে নেতাদের আসনের দিকে এগিয়ে গেলে অভিজিৎ দীপকে ও তার সঙ্গীরা ‘ভারতমাতা কি জয়’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন।
ভিডিওতে দীপকেকে বলতে শোনা যায়, তাকে আটক করতে এলে তিনি প্রস্তুত। তবে তাদের কারণে প্লেনের অন্য যাত্রীরা অসুবিধায় পড়ছেন।
আরেকটি ভিডিওতে পুলিশ সদস্যদের বলতে শোনা যায়, তারা নেতাদের গ্রেফতার করছেন না। একই সঙ্গে পুলিশ তাদের সহযোগিতা করার আহ্বান জানায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এএমএ
