কুমিল্লা নগরীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিকে নিজের দাবি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় বাসিন্দারা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
অভিযুক্ত যুবদল নেতা আবুল কালাম আজাদ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভাটপাড়া পশ্চিমপাড়ার এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য একটি বাড়ির রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্যোগ নেয় কুমিল্লা সিটি কপোরেশন। বিষয়টি জানার পর ওই ওয়ার্ডের যুবদল সভাপতি আবুল কালাম আজাদ স্থানীয় বাসিন্দাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা তাসলিমা বেগম রিতা।
বিজ্ঞাপন
তাসলিমা বেগম, নাজমা বেগম, মালু বিবি ও রুমা আক্তারসহ ১৩টি পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকাটি জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। এ অবস্থায় রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে যুবদল সভাপতি উন্নয়নকাজে বাধা দেন।

তাদের দাবি, রাস্তা ও ড্রেন নির্মাণকাজ ঘিরে তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছেন। তাকে টাকা না দিলে তিনি এখানে রাস্তা ও ড্রেন হতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন। বিষয়টি তারা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে যুবদল নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘আমার বিরুদ্ধে কারা সংবাদ সম্মেলন করেছে? আমার একটা ফোন এসেছে। আপনার সঙ্গে পরে কথা বলব’ বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিজ্ঞাপন
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, ভাটপাড়ার বাসিন্দারা বিষয়টি আমাকে জানিয়েছেন। যখন কাজ শুরু হবে, সরকারের সেই উন্নয়ন কাজে কেউ যদি সমস্যা তৈরি করে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের একটি টিম বিষয়টি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।’
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
