কালবেলা · general
জুলাই হত্যা মামলায় আ. লীগ নেতা আবুল মনছুর গ্রেপ্তার
১২/১০/২০২৬

জুলাই আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল মনছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন ও আগস্টের হত্যাকাণ্ডসহ মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জামিনে কারাগার থেকে বের হওয়ার পর আবুল মনছুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয়ে কর্মসূচি আয়োজন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে রাতের আঁধারে বিভিন্ন এলাকায় মিছিল করার তথ্য-প্রমাণও পুলিশের হাতে এসেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আবুল মনছুরকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।’
আবুল মনছুর বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য। তার বিরুদ্ধে নগরের বাকলিয়া, চান্দগাঁও ও হাটহাজারীসহ একাধিক থানায় মামলা রয়েছে। গত ১৮ জুন জামিনে কারাগার থেকে বের হন তিনি।
এদিকে, ইউনিয়ন পরিষদের ১০ সদস্যের আনা অনাস্থা প্রস্তাব ও ছয়টি গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২ জুন আবুল মনছুরের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মূল প্রতিবেদনে যান ↗