যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি পরিবারের দুই ভাই। বড় ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। দুই সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে, দুই ছেলের মৃত্যুতে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা।
নিহত দুই ভাই হলো শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাই আদ্রী সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। আর ছোট ভাই ওয়াদি ছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবারের স্বজনেরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শাহ আদ্রী। এর ১১ দিন পর গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।
পরপর দুই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের গভীর ছায়া। দুই ছেলেকে হারিয়ে মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে বিলাপ করছেন তিনি। অন্যদিকে, সন্তান হারানোর শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ।
নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ভাই আদ্রীর মৃত্যু হয়। এর ১১ দিন পর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই ওয়াদি।
এদিকে, শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের আত্মার শান্তি কামনায় এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুতে স্বজন, পরিচিতজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইএন/এসএ
