জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শুক্রুবার ২৩ অক্টোবর ২০২৬ ইংরেজি বিকেল ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ব্যক্তি, মেধাবী ছাত্র, অসহায় শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ আর্থিক অনুদান ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক ও পরিচর্যাকারীদের মানসিক ও শারীরিক সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে মন্ত্রী বলেন, একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সার্বক্ষণিক পরিচর্যা করতে গিয়ে পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়েদের দিন-রাত অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই বিপুলসংখ্যক অভিভাবক ও পরিচর্যাকারীদের সহায়তা দেওয়াও রাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমকে দৃশ্যমান ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের বিভিন্ন সংকট ও বাস্তবতা নিয়ে মানুষ প্রকাশ্যে আলোচনা করতে দ্বিধাবোধ করে। এসব বিষয় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে জনসচেতনতা তৈরিতে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টেকনাফ উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আলফারুকীর সঞালনায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান, কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহী নেওয়াজ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা হাবিবা জাহান, টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, টেকনাফ উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, টেকনাফ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কর্মরত ডাঃ কামরুজ্জামান কনসালট্যান্ট (ফিজিওথেরাপি), টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমূখ।
এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের অভিভাবক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিরা, গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অবশেষে ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ব্যক্তি, মেধাবী ছাত্র, অসহায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে বিশেষ আর্থিক অনুদান এবং ৫ জন প্রতিবন্ধী পুরুষ-মহিলার মাঝে টেকনাফ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগীতায় হুইল চেয়ার বিতরণ করা হয়।
