কালবেলা · সাধারণ
যশোরে ১৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
২১/১০/২০২৬

যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আটক আলাউদ্দিন শার্শা থানার হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) জাহিদুল আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
পরে আটক আলাউদ্দিনের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। এছাড়া একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও মোটরসাইকেল জব্দ তালিকার মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত ও তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধার করা স্বর্ণের উৎস এবং চোরাচালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
মূল প্রতিবেদনে যান ↗