কালবেলা · আন্তর্জাতিক
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
১৫/১০/২০২৬

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে শুরু হয়েছে চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ ২০২৬)।
দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে ১৫ ও ১৬ অক্টোবর। এতে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তি পেশাজীবীরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি ও গবেষণা নিয়ে আলোচনা করছেন এবং নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করছেন।
এ বছরের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। সেগুলোর মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের গবেষণাকর্ম রয়েছে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হচ্ছে।
আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এফএসটি অনুষদের ডিন ও সম্মেলনের প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. দীপ নন্দী, এফএসটি অনুষদের সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।
এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। এ আয়োজনের মধ্য দিয়ে কম্পিউটিং ও প্রযুক্তি খাতে গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এআইইউবি।
মূল প্রতিবেদনে যান ↗