আগামী ২০ অক্টোবর রাজশাহী ও ২২ অক্টোবর খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহীতে ২০ অক্টোবর জনসভায় বক্তব্য দেবেন তিনি। ওই দিন বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রাজশাহী সফর।
জনসভা ঘিরে মাদরাসা মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ নানা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন মাদরাসা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়ালে রং করা, সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পাশাপাশি প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন এটি নগরবাসীর জন্য অত্যন্ত আবেগ ও ভালোলাগার বিষয়। তাকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বাহিনীর একটি বিমানে রাজশাহীতে আসবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকাল ৩টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এর আগে ওই দিন সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন তিনি। রাজশাহী সফর শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন তিনি। এক দিনে দেশের তিন বিভাগ সফরের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।
২২ অক্টোবর খুলনা সফর: আগামী ২২ অক্টোবর খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জেলার দাকোপ উপজেলার সুন্দরবনের নালিয়ান হয়ে করমজলে যাবেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে জেলার দাকোপ উপজেলার নলিয়ান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতারা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ওই এলাকা পরিদর্শন করেন তারা। তারা দাকোপের নলিয়ান, করমজল, হারবারিয়া, আকরাম পয়েন্ট ও হিরন পয়েন্ট পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সুন্দরবন সফর কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধানমন্ত্রীর সফর স্থান পরিদর্শন করেছেন। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
বিআলো/অর্নব