প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজে মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাঁদের চোখ পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ছানি রোগী শনাক্ত করা হচ্ছে। বাছাইকৃত ছানি রোগীদের বগুড়ার গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
আয়োজকেরা জানান, বাছাইকৃত ছানি রোগীদের বিদেশি লেন্স সংযোজনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। পাশাপাশি রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচও বহন করবেন আয়োজকেরা।
ক্যাম্পে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, উপজেলা বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, বগুড়ার গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ডা. আল-মাহমুদ এবং আক্কেলপুর গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের ইনচার্জ কৌশিক আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মিলন চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সব প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন (The Fred Hollows Foundation), আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং আক্কেলপুরের টি অ্যান্ড টি মোড়স্থ গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি পরিচালনা করছে বগুড়ার বেতগাড়ী এলাকার গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।
