Published : 14 Oct 2026, 05:44 PM
Updated : 14 Oct 2026, 06:12 PM
আবারও রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে দুটি সংগঠন।
বুধবার দুপুরে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়েছে, ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে জেএসএস (সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হওয়ায় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করায় বৃহস্পতিবার সকাল থেকে এই অবরোধ ডাকা হয়েছে।
এর আগে সংগঠন দুটির ডাকে ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি করা হয়। পরদিন প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ প্রত্যাহার করা হয়। সাজেকে আটকেপড়া পর্যটকদের গন্তব্যে ফিরে যেতে বলা হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সাজেক ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ফের অবরোধ ডাকার বিষয়ে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, “আমাদের দেওয়া ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়ন হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও কোনো কার্যকর হচ্ছে না। তাই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে।”
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের বাড়িঘরে অভিযান চালানোর অভিযোগ করা হয়েছে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, “১১ তারিখে অবরোধকারীদের দাবির পর তাদের কারও বাড়িতে তল্লাশি চালানো হয়নি। তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি।
“এ ছাড়া সাজেক এলাকা থেকে সশস্ত্র দলগুলোকে তাড়াতে সেনাবাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান এখনো চলছে। এখানে সক্রিয় দুটি সশস্ত্র দল ইউপিডিএফ ও জেএসএস উভয় পক্ষকে ধরতেই এই অভিযান চালানো হচ্ছে।”
