রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৈতার মোড় দিঘলটারী দুর্গামন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শাকিল উদ্দিন টেপামধুপুর ইউনিয়নের মণ্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগমের ছেলে। তিনি মধুপুর বাজারের মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরে সাউন্ড সিস্টেম পরিচালনার কাজ করতেন।
পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল, বৈদ্যুতিক সংযোগ ও লাইটিংয়ের সরঞ্জাম খুলে নেওয়ার জন্য বুধবার সকালে মন্দিরে যান শাকিল। প্যান্ডেল খোলার কাজ শেষে বৈদ্যুতিক তার ও লাইটিংয়ের সরঞ্জাম অপসারণের সময় জেনারেটরে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি মাটিতে পড়ে যান।
এ সময় মন্দির প্রাঙ্গণে থাকা লোকজন ও দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চৈতার মোড় দিঘলটারী দুর্গামন্দিরের সভাপতি শ্রী অমৃত চন্দ্র জানান, বুধবার সকালেও শাকিল সাউন্ড সিস্টেম পরিচালনার কাজ করেছেন। পরে ডেকোরেটরের কর্মীরা বৈদ্যুতিক সরঞ্জাম ও তার খুলতে এলে তাঁদের সহযোগিতা করার সময় বিদ্যুতায়িত হন শাকিল। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, পূজামণ্ডপের প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
