কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা ও তার দুই শিশুসন্তানসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ সুইচগেট সংলগ্ন এলাকায় রৌমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী থেকে ধানবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে সায়দাবাদ সুইচগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রাকটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চত্তলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৩৫) এবং তার দুই শিশুসন্তান রিশাদ (১১) ও তুবা আক্তার (১০) রয়েছেন। নিহত অন্য দুজন হলেন—কর্তিমারী এলাকার বাসিন্দা শরিফা আক্তার এবং অটোরিকশার চালক। তবে নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় কর্তিমারী এলাকার বাদলের মেয়ে বৃষ্টি আক্তার (২৩) নামে এক নারী গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রৌমারী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
রৌমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান উদ্ধার এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। চালক ও ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে রৌমারী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
