প্রকাশিত: ১২:০০, ১৯ অক্টোবর ২০২৬ আপডেট: ১২:০৪, ১৯ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে ১২৮টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে
জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুতের সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে ১২৮টি সোলার প্যানেল। এসব প্যানেল থেকে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রবিবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়। সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ের চাহিদা পূরণ করা হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী জানান, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণ করা হবে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান তিনি।
