‘বিগ বস বাংলা’র ঘরে টুইস্ট আর রোমাঞ্চের যেন শেষ নেই! আর সোমবার রাতের পর্বে যা ঘটে গেল, তা যেমন অপ্রত্যাশিত, তেমনই আবেগঘন। প্রতিযোগীদের মনে তখন চলছে নমিনেশনের টানটান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক বিরাট ছন্দপতন। ভোটাভুটির রায়ে নয়, বরং শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হলো প্রতিযোগী ঝিলম গুপ্তকে!
সোমবারে ঘরের অন্দরে যখন এক দফা নমিনেশন প্রক্রিয়া সবে শেষ হয়েছে, ঠিক তখনই খোদ বিগ বসের গম্ভীর ঘোষণা কেঁপে ওঠে পুরো বাড়ি। চিকিৎসকদের কঠোর পরামর্শ এবং ঝিলমের স্বাস্থ্যের অবনতির কথা মাথায় রেখেই তাঁকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।এই আচমকা ঘোষণায় প্রথমে যেন ধাতস্থই হতে পারেননি ঝিলম। যদিও বিগ বসের জলদমন্দ্র কণ্ঠস্বর শুনে কিছুটা আঁচ করেছিলেন জিতু, তবে বাকি প্রতিযোগীরা ঘুনাক্ষরেও টের পাননি এমন কিছু ঘটতে চলেছে।
ঝিলমের উদ্দেশে বিগ বস অত্যন্ত স্নেহের সুরে বলে ওঠেন— “...আশা করি, বিগ বসের ঘর থেকে আপনি নিয়ে যাবেন নিজের প্রতি নতুন বিশ্বাস এবং অসংখ্য মানুষের ভালবাসা। আপনার আগামীদিনগুলো সাফল্য, আনন্দে এবং নয়া সম্ভাবনায় ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।” এই কথা শোনার পর নীচু স্বরে কেবল ‘ধন্যবাদ’ জানান ঝিলম।
https://www.youtube.com/watch?v=vZCv49OXTLI
ঘর ছাড়ার আগে সবার থেকে একটু সময় চেয়ে নেন তিনি— সবাইকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরার জন্য। সহ-প্রতিযোগীদের চোখে তখন উপচে পড়ছে জল, অনেকেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কিন্তু সেই ভারী আবহেই এক অভাবনীয় মুহূর্ত তৈরি হয়। সবার সঙ্গে বসে ঝিলম গেয়ে ওঠেন আগমনী গান! ভেজা চোখে, গলার স্বরে কান্না চেপে সবাই একসঙ্গে সুর মিলিয়ে বিদায় জানান ঝিলমকে।
স্বাস্থ্যের কারণে ঝিলমের এই আকস্মিক বাদ পড়া শুধু বিগ বস হাউসের অন্দরের সমীকরণকেই বদলে দিল না, বরং দর্শক ও প্রতিযোগীদের অবাক করে দিল পুরোপুরি।
