Published : 12 Oct 2026, 04:50 PM
Updated : 12 Oct 2026, 04:32 PM
বন্যাসহ জলবায়ুজনিত দুর্যোগে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে বাল্যবিয়ে বেড়ে যায় বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্যার সময় অনেক মেয়ে স্কুলে যেতে পারে না। দীর্ঘস্থায়ী সংকটে তারা ঘরে বসে থাকে। এই সময় তাদের কাছে বিয়ের প্রস্তাব আসতে থাকে এবং কোনো কোনো পরিবার শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করে।
তিনি বলেন, বাল্যবিবাহের সবচেয়ে বড় প্রভাবগুলোর একটি হলো মেয়ের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়া। দীর্ঘদিন স্কুলে যেতে না পারলে মেয়েটির পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগও কমে যায়।
অধ্যাপক শাহ মো. আতিকুল হকের মতে, দুর্যোগের সময় মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পরিবারগুলোকে সহায়তা দিতে হবে, যাতে সংকটের কারণে মেয়ের পড়াশোনা বন্ধ না হয়ে যায়।
তিনি বলেন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে পরিবারের দৃষ্টিভঙ্গিও বদলাতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।
