খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে মো. তুষার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। কী কারণে তাকে গুলি করা হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
