আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আর আজ ছিল খেলোয়াড় তালিকা জমা দেয়ার ডেডলাইন। আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে শেষদিনে ২৮ জনের নাম জমা দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি।
সাফে অংশগ্রহণ করছে ৬টি দেশ। এর মধ্যে কয়েকটি দেশ খেলোয়াড় নাম জমা দিতে কয়েক দিন সময় চেয়েছে। তাই আজ ডেডলাইন থাকলেও কয়েকটি দেশের অনুরোধে দুদিন সময় বাড়িয়েছে।
সাধারণত প্রাথমিক তালিকা হয় ৩৫ জনের। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দল চূড়ান্ত হয়। সাফ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে এ রকমই নিয়ম। এবার সাফ খানিকটা ভিন্ন করেছে। ৫০ জনকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে। সেখান থেকে ১৮ অক্টোবরের মধ্যে ২৮ জনের নাম ফাইনাল করার নিদের্শনা ছিল। অনুশীলনের সময় ইনজুরি কিংবা পারফরম্যান্সে খেলোয়াড় পরিবর্তন প্রয়োজন পড়তে পারে।
এ নিয়ে বাংলাদেশের কোচ থমাস ডুলি বলেন, ‘এটা সাফের আইন। আমাদের কিছু করার নেই। আমাকে ১৮ অক্টোবরের মধ্যে নাম দিতে বলেছে আমি দিয়েছি।’
আগামীকাল ফেডারেশন কাপের ম্যাচ রয়েছে। আগামী শুক্র-শনি লিগে আরো ছয়টি ম্যাচ। এই ম্যাচগুলোতে ফুটবলাররা ইনজুরি কিংবা পারফরম্যান্সে হেরফের হলেও ২৮ জন থেকে পরিবর্তনের সুযোগ সেভাবে নেই।
এজেড/এমএমএম
