বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। বিরোধীদল আবারও আগের অবস্থানে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিরোধীদলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয়ের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি আরও বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার দেশ পরিচালনা করবে। বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধীদল চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অধিকার রক্ষা, জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
The post আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
