ফ্যাসিস্ট সরকার ১৭ বছর যা ক্ষতি করেছে তার পাশাপাশি বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয়, অস্থিরতা থাকে তার জন্য ইন্টেরিম সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে।
বিমান মন্ত্রী মিল্লাত বলেন, দেশে যা অপতথ্য ছড়ানো হচ্ছে তা একটি দলের, যাকে আমরা বট বাহিনী বলি তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা দরকার।
জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, এসিল্যান্ড আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন ।
অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
