ফ্লাইদুবাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারতের আকাশে থাকা ফ্লাইট থেকে হাইজ্যাক অ্যালার্ট। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2030 ফ্লাইট থেকে ‘স্কোয়াক-৭৫০০’ অ্যালার্ট জারি হতেই হুলস্থুল পড়ে যায়। এর পরেই জরুরি ভিত্তিতে জয়পুরে অবতরণ করানো হয় ফ্লাইটটিকে। ঘটনাটি নিয়ে বিবৃতি জারি করল এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার দাবি, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রীরাই সুরক্ষিত আছেন।
এয়ার ইন্ডিয়ার AI2030 ফ্লাইটের জরুরি অবতরণ নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের’ কারণে ফ্লাইটটির গতিপথ বদলে জয়পুরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছে বিমান সংস্থা। এই অনভিপ্রেত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে এয়ার ইন্ডিয়া।
কী ঘটেছিল মাঝ আকাশে?
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি যাওয়ার পথে ফ্লাইটটির ট্রান্সপন্ডারে ‘স্কোয়াক ৭৫০০’ কোড অ্যালার্ট জারি করা হয় বলে প্রাথমিক রিপোর্টে দাবি। ফ্লাইট হাইজ্যাক বা ফ্লাইট ওড়ানোয় বেআইনি হস্তক্ষেপের আশঙ্কা বোঝাতে আন্তর্জাতিক বিমান চলাচলে এই কোড ব্যবহার করা হয়। সতর্কবার্তা পাওয়ার পরেই ফ্লাইটটিকে দিল্লির পরিবর্তে জয়পুরে অবতরণের নির্দেশ দেওয়া হয়।
বুধবার সকাল প্রায় ৯টা ৩৫ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ফ্লাইটটি। এর পরে সেটিকে নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে তল্লাশি চালানো হয়। যদিও তাতে চাঞ্চল্যকর কিছু পাওয়া যাওয়ার কোনও খবর মেলেনি।
সংস্থার তরফে এও জানানো হয়েছে, প্রয়োজনীয় পরীক্ষার পরে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি বিমান ও কেবিন ক্রুদের ছাড়পত্র দিয়েছে। সিকিউরিটি চেকিংয়ের পরে ফের যাত্রীদের ওই বিমানে চাপিয়েই গন্তব্যে রওনা করানো হয়।
তবে ‘স্কোয়াক ৭৫০০’ কোডটি কেন জারি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ভুল করে এই সঙ্কেত পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী পাইলট ভুলক্রমে এই অ্যালার্ট জারি করে ফেলেছিলেন কি না তাও দেখছেন তদন্তকারীরা।
FAQ
এয়ার ইন্ডিয়ার AI2030 ফ্লাইটে কী ধরনের অ্যালার্ট জারি হয়েছিল?
ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2030 ফ্লাইটে ‘স্কোয়াক ৭৫০০’ অ্যালার্ট জারি হয়েছিল বলে প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার AI2030 ফ্লাইট কেন জয়পুরে জরুরি অবতরণ করে?
এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ফ্লাইটটির গতিপথ বদলে জয়পুরে অবতরণ করানো হয়।
স্কোয়াক ৭৫০০ (Squawk 7500) কী?
স্কোয়াক ৭৫০০ হল আন্তর্জাতিক বিমান চলাচলে বিমান ছিনতাইয়ের পরিস্থিতি বা বেআইনি হস্তক্ষেপের সংকেত হিসেবে ব্যবহৃত একটি ট্রান্সপন্ডার কোড। এই সংকেত পাওয়া মানেই ছিনতাই নিশ্চিত নয়।
এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীরা কি সুরক্ষিত ছিলেন?
এয়ার ইন্ডিয়ার দাবি, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সব যাত্রী সুরক্ষিত ছিলেন। নিরাপত্তা পরীক্ষা শেষে তাঁদের ফের বিমানে তোলা হয়।
এয়ার ইন্ডিয়ার AI2030 ফ্লাইট কখন জয়পুরে অবতরণ করে?
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল প্রায় ৯টা ৩৫ মিনিটে বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটিতে কি কোনও সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছিল?
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নিরাপত্তা তল্লাশিতে চাঞ্চল্যকর কিছু পাওয়ার খবর মেলেনি। তবে তদন্তের চূড়ান্ত ফল সম্পর্কে নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।
কেন স্কোয়াক ৭৫০০ অ্যালার্ট জারি হয়েছিল?
অ্যালার্ট জারির প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ভুল করে সংকেত পাঠানো হয়েছিল কি না, তা-সহ একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এয়ার ইন্ডিয়া এই ঘটনা নিয়ে কী জানিয়েছে?
বিমান সংস্থা জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ফ্লাইটটি জয়পুরে অবতরণ করানো হয়। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে সংস্থাটি।
