‘ধর্ম যার যার, উৎসব সবার—আবহমান বাংলার এই শাশ্বত ঐতিহ্যই আমাদের মূল শক্তি। হিন্দু-মুসলমান আমরা প্রত্যেকেই এই দেশের সন্তান ও একে অপরের ভাই, আমাদের মাঝে কোনো পার্থক্য নেই।’—শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় কথাগুলো বলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শনস্বরূপ নেত্রকোনা পৌর শহরের রামকৃষ্ণ মিশন, বড় কালীবাড়ি এবং সাতপাই একতা সংঘসহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় প্রার্থনা হলেও এর ব্যাপকতার কারণে এটি আজ সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার মধ্য দিয়ে যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। ময়মনসিংহ বিভাগের সর্বত্র অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীকাল মহানবমী এবং পরবর্তী দিন যথাসময়ে সুশৃঙ্খল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুন্দরভাবে এই উৎসব সম্পন্ন হবে।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা আক্তার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সত্যেন্দ্র পাল, সদস্য সচিব শ্যামল ভৌমিক এবং যুগ্ম আহ্বায়ক মানিক তালুকদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা।
পূজারি ও ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, পুরোহিতরা যেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পূজা-অর্চনার কাজ পরিচালনা করেন। একই সঙ্গে মণ্ডপে আগত দর্শনার্থীদের শৃঙ্খলার সাথে দর্শন, অঞ্জলি প্রদান ও প্রণাম সেরে নিরাপদে ফেরার পরামর্শ দেন তিনি। প্রশাসন, সাধারণ মানুষ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবটি সফল পরিণতি পাবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
