খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গিরপার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক মুন্সীগঞ্জ জেলা সদরের জিন্নাত আলী (৪৫) এবং বাসযাত্রী সাতক্ষীরার পারুলিয়ার দিন মোহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (২৬) এবং অজ্ঞাত একজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গিরপাড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনাগামী ক্রাউন সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এছাড়া পরবর্তীতে বাস থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই মুন্সি পারভেজ আলম বলেন, বিকেলে ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন মারা গেছে। ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়। আর সন্ধ্যার দিকে ক্ষতিগ্রস্ত বাসের হেলপার ও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আঠারোমাইল বাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
নিহতরা হলেন- উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে রফিউর রহমান রউফ (৪৩) এবং একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস আলী (২৫)।
মোহাম্মদ মিলন/আরএআর
