মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীবরদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শ্রীবরদী পৌরসভার প্রতিনিধিবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সমন্বিত এ পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রীবরী উপজেলাকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সচেতন হই, পরিচ্ছন্ন থাকি; ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়ি-এই প্রত্যয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

