ছবি: সংগৃহীত
-->সাম্প্রতিক সময়ে বেশকিছু গল্পের নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে দেশের অন্যতম জনপ্রিয় নাট্যাভিনেত্রী দীপা খন্দকার দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তাকে মায়ের চরিত্রে দেখা যাবে জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমায়। যেখানে তার মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা অধরা খান।
বিষয়টি নিশ্চিত করে কানাডা থেকে গতকাল অধরা খান জানান, এরই মধ্যে পরিচালক জাহিদ হোসেন ‘ঋতুকামিনী’ সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই সিনেমাটি মুক্তি পেতে পারে। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজললুর রহমান বাবু, আব্দুন নূর সজলসহ অনেকে।
অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ঋতুকামিনীর গল্পটা আসলে এত সুন্দর যে, একজন শিল্পী হিসেবে এই গল্পটাতে অভিনয় করে আমি মুগ্ধ। আমার চরিত্রটির মধ্যেও চমক আছে। আমি বিশ্বাস করি সিনেমাটি মুক্তি পেলে আমার অভিনীত এই চরিত্রটির প্রতি দর্শকের মায়া জন্মাবে। নিঃসন্দেহে জাহিদ ভাই একজন গুণী পরিচালক, তিনি তার গল্পের প্রতিটি চরিত্রই চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর অধরাও তার চরিত্রে নিখুঁত অভিনয় করার চেষ্টা করেছে। অধরার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল।
অধরা খান আরও বলেন, দীপা আপা আমার খুব প্রিয় একজন অভিনয় শিল্পী। দীপা আপা যখন এই সিনেমাতে অভিনয় করেন সেই সময়ের চেয়ে এই সময়ে দীপা আপার একা আলাদা ক্রেজের সৃষ্টি হয়েছে। যেটা দেখে আমার নিজের ভেতর ভীষণ ভালো লাগা কাজ করে। এমন একজন গুণী শিল্পীর সঙ্গে ভীষণ ভালো মনের মানুষের সঙ্গে সিনেমাতে অভিনয় করে বিশেষত তিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, এটা যে আমার কতটা ভালো লাগার তা আসলে ভাষায় প্রকাশের নয়। আমি মন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি স্ক্রিনে দীপা আপার সঙ্গে আমার অভিনয় দেখার জন্য।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জাহিদ হোসেন স্যারের প্রতি আমাকে কুমকুম চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। একজন নায়িকা হিসেবে এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাটা আমার জন্য ছিল সত্যিকার অর্থেই অনেক কঠিন, কিন্তু সেই কঠিন কাজটাই আমি আমার মেধা ও শ্রম দিয়ে আন্তরিকভাবে করার চেষ্টা করেছি।
অধরা জানান, ‘ঋতুকামিনী’র মুক্তির তারিখ চূড়ান্ত হলেই তিনি যেকোনো সময় দেশে ফিরবেন।
