প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১৩-এর রংপুর বিভাগীয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম পিএসসি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি জানান, সাদা পোশাক ও ইউনিফর্মে এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে ভাঙচুর, ডাকাতি, চুরি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি, দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে এসআরবি-১৩-এর সাইবার টিম ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসব চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম পিএসসি, জি+ ও এডি পদবি উল্লেখ করে সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি সঠিক তথ্য প্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
কোনো সন্দেহজনক বা নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এসআরবি ফোর্সেসকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং, ডা. ডিসি রায়, রতন সিংসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং শেষে এসআরবি-১৩-এর রংপুর বিভাগীয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম পিএসসি, জি+ ও এডি রাজবাড়ী মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, স্থানীয়দের সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে রংপুর বিভাগের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে।
The post রংপুর বিভাগে ৫ হাজার ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় মাঠে এসআরবি-১৩ appeared first on ভোরের চেতনা.
