চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ৫০০ সিএনজি ও ব্যাটারিচালিত রিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিবন্ধিত প্রতিটি যানবাহনে লাগানো হবে নির্দিষ্ট নম্বরসংবলিত স্টিকার। চালকদের দেওয়া হবে ভেস্ট। নির্ধারিত পোশাকবিধি ও স্টিকার ছাড়া কোনো যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে এ নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়েছে।
উদ্যোগের আওতায় ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০টি সিএনজি ও ৩০০টি রিকশা নিবন্ধন করা হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহনগুলো সহজে শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন বলেন, ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে সব সিএনজি ও রিকশা নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহনগুলো সহজেই শনাক্ত করা যাবে। চাকসু শুরু থেকেই এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে আসছে। এ জন্য চাকসুসহ সচেতন সব ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনার চেষ্টা করছেন তাঁরা। গত কয়েক দিনে রিকশা ও সিএনজি সমিতির সঙ্গে দফায় দফায় আলোচনার পর শনিবার আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
মো. ইসহাক ভূঁঞা আরও বলেন, নিবন্ধিত প্রতিটি গাড়িতে নির্দিষ্ট নম্বরসংবলিত স্টিকার লাগানো হবে এবং চালকদের ভেস্ট দেওয়া হবে। নির্ধারিত পোশাকবিধি ও স্টিকার ছাড়া কোনো গাড়ি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।
