নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো এবার ৮০ বছরে পড়ল। পুজোর চারদিন ফি বছর মুখোপাধ্যায় পরিবারের সেলেব সদস্যরা মণ্ডপে নানা আচর-রীতিতে যুক্ত থাকেন। সঙ্গে উপরিপাওনা বলিউডের তাবড় তারকাদের উপস্থিতি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সপ্তমীর সন্ধেয় হাজির হয়েছিলেন জয়া বচ্চন। তার খানিক বাদেই রণবীর কাপুর এলেন, মায়ের আশীর্বাদ নিলেন, মণ্ডপ ঘুরে দেখলেন, আর গানে-আড্ডায় মন জয় করলেন।
দেবীদর্শন করে মুখার্জি পরিবারের সদস্যদের সঙ্গে কখনও সেলফিতে মজলেন রণবীর তো আবার কখনও বা মণ্ডপে উপস্থিত ফটোশিকারিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন।
অয়ন মুখোপাধ্যায়ের কাছের বন্ধু হওয়ার সুবাদে মুখার্জি পরিবারের সঙ্গে আলিয়া-রণবীরের আত্মীয়তা দীর্ঘদিনের। সেই প্রেক্ষিতেই মহাসপ্তমীতে তাঁদের বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছিলেন রণবীর কাপুর। গত মাসেই মুখার্জি পরিবারের অন্যতম সদস্য রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন। সেকারণে এবার নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে রানিকে দেখা না গেলেও দুই তুতো বোন কাজল এবং তানিশাই পুজোর যাবতীয় দায়িত্ব পালন করছেন। তবে আড়ম্বরহীন হলেও মুখার্জিদের পুজোয় ভক্তির খামতি নেই। সেই পুজোর আসরেই শনিবার রাতে মধ্যমণি হয়ে উঠলেন রণবীর কাপুর। পুজোর আসর থেকে বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল, দেবীদর্শন করে মুখার্জি পরিবারের সদস্যদের সঙ্গে কখনও সেলফিতে মজলেন রণবীর তো আবার কখনও বা মণ্ডপে উপস্থিত ফটোশিকারিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন। বন্ধু অয়ন মুখোপাধ্যায়, কাজল, তানিশা মুখোপাধ্যায়দের সঙ্গে দেদার আড্ডাও দিতে দেখা গেল তাঁকে। তবে চমক এখানেই শেষ নয়!
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে হর্ষদীপ কৌরের সঙ্গে ‘কবিরা’ গানে কণ্ঠ মেলাতেও দেখা গেল তাঁকে।
আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই পর্দার রামের ভক্তিতে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীমহল। আসলে আসন্ন দিওয়ালির মরশুমেই মুক্তি পাচ্ছে রণবীর অভিনীত মেগাবাজেট ‘রামায়ণ’। তার প্রাক্কালেই রামের দুর্গাভক্তি দেখে অকালবোধনের কথা মনে করিয়ে দিলেন অনুরাগীরা।
View this post on Instagram
প্রসঙ্গত, বিগত তিন-চার বছর ধরে রানি-কাজলদের নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় রণবীর-আলিয়াকে জুটিতেই দেখা যেত। তবে চলতিবারে সেই রীতিতে ছেদ! সপ্তমীর সন্ধ্যায় অয়নদের পুজোয় হাজির হয়েছিলেন পর্দার রাম রণবীর কাপুর। তবে এদিন স্ত্রী আলিয়া বা মেয়ে রাহাকে তাঁর সঙ্গে দেখা যায়নি।
