Published on
:
1 min read
এই সময়, দেগঙ্গা: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে আক্রান্ত হলেন দুই বিজেপি নেতা। দেগঙ্গা থানা চত্বরেই তাঁদেরকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই বিজেপি নেতার নাম সৌরভ গায়েন ও শিশির ঢালি। দু’জনেই বিজেপির হাড়োয়া ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন সৌরভ। সেই সময় থানা চত্বরেই তাঁর উপরে চড়াও হন সোমনাথ। সৌরভকে মারধর করা হচ্ছে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান শিশির। সেই সময় তাঁকেও মারধর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। আহত দু’জনকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঘটনার পর সোমনাথের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশির। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। বিজেপির অন্দরে আদি ও নব্য নেতাদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।
