চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মেশানো চানাচুর বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বাজার তদারকির সময় এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করা হয়।
অভিযানে মেঘনা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রির পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম পাওয়া যায়।
এ বি এম ফুডকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মেশানো চানাচুর বিক্রির দায়ে ৮ হাজার টাকা এবং হাজী শফিউল বশর অ্যান্ড সন্সকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও নকল চাল বিক্রির সুযোগ নেই। ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
The post পাহাড়তলী বাজারে নকল চাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
