নওগাঁয় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের মো. নুর বক্তের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিকাটা নদীতে মাছ ধরার রিং জাল পাতা নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের বাগ্বিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত বস্তু দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. এবাদুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে মোস্তাকিমসহ তার সঙ্গীরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারে করতে পুলিশের টিম কাজ করছে।
