সংবাদ · সাধারণ
সাজেক পরিস্থিতি: সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে
২৫/১০/২০২৬

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার অবরোধের মধ্যে পর্যটকদের সরিয়ে নেওয়ার সময় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে পর্যটনশিল্পের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন তিন দফা দাবিতে এ অবরোধের ডাক দিয়েছে। তাদের প্রধান দাবিগুলোর একটি হলো সাজেক থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়া।সাজেকে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তবে দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কোনো টেকসই সমাধান হতে পারে না। এতে সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।অবরোধের মধ্যে পর্যটকদের গাড়িবহর আটকে পড়া এবং পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক। গোলাগুলির ঘটনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যেও পার্থক্য রয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখতে হবে। অবরোধকারীদের ওপর হামলা, লাঠিপেটা ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের অভিযোগও তদন্ত করা জরুরি। কোথাও আইনশৃঙ্খলার অবনতি হলে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষার নামে কোথাও আইনের ব্যতয় ঘটানো কাম্য নয়।অবরোধের কারণে সাজেকের পর্যটন ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। অনেক রিসোর্ট ও কটেজে আগাম বুকিং বাতিল হচ্ছে। পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অনেক মানুষের আয়-রোজগারের ব্যবস্থা গড়ে উঠেছে। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকলে তাদের পক্ষে ক্ষতি সামাল দেওয়া কঠিন হবে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে পর্যটনকেন্দ্রটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।সাজেকের সংকট নিরসনে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আলোচনায় বসতে হবে। অবরোধকারীদের দাবিগুলো যাচাই করে যৌক্তিক সমাধানের উদ্যোগ নিতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ছাড়া পর্যটনের টেকসই বিকাশ সম্ভব নয়। আলাপআলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। সাজেকের মানুষের নিরাপত্তা, পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত এবং স্থানীয় ব্যবসায়ীদের জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা করতে চাই।
মূল প্রতিবেদনে যান ↗