মাদ্রাসা ময়দানে জনসভা, দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে।
সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর এ সফর রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করতে রোববার মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাজশাহীর উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্পের কথা তুলে ধরেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নে বিএনপি বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যালোচনায় স্থানীয় সংসদ সদস্য, বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভাস্থল পরিদর্শন করেন। জনসভা ও পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

