Published on
:
1 min read
এই সময়, আরামবাগ: আরামবাগের চাঁদুর জঙ্গলে স্থানীয় এক বাসিন্দাকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শেখ শাহিদ। তাঁর বাড়ি হুগলির চণ্ডীতলায়।
গত ২৩ জুন আরামবাগের চাঁদুর জঙ্গলে গিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা মনসা বাগ। পরে জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁর একটি হাত কাটা ছিল৷ তা নিয়ে সেই সময় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের কেউ কেউ মনে করেছিলেন, হয়তো জঙ্গলে কোনও হিংস্র পশুর আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চণ্ডীতলার এক ব্যক্তি ওই মহিলাকে খুন করে পালিয়েছে। ধৃত শেখ শাহিদ কোনও কুকর্ম করতে জঙ্গলে ঢুকেছিলেন। সেটা দেখে ফেলায় মনসা বাগকে ধারাল অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করে শাহিদ। খুন করার তাঁর একটি হাতও লোপাট করে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, শুরুতে এই খুনের ঘটনার কোনও কিনারা করা যাচ্ছিল না। এর পরেই বিশেষ সূত্র ধরে আরামবাগ থানার আইসি তদন্ত শুরু করেন। বৃহস্পতিবার রাতে চণ্ডীতলার বাড়ি থেকেই শেখ শাহিদকে গ্রেপ্তার করা হয়। শাহিদের বাড়ির আশপাশ থেকেই মনসা বাগের কাটা হাতটি উদ্ধার করেছিল পুলিশ। ধৃতকে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, জেরার মুখে ধৃত শাহিদ তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন।
