ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংস খেলে তিনটি ডাক মেরেছিলেন লিটন দাস। সেই খারাপ সময় পার করে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টানা দুই ইনিংসে ফিফটি করলেন।
সপ্তম সেঞ্চুরির পথে ছুটছেন লিটন। তার সঙ্গে মেহেদী হাসান মিরাজ ক্রিজে। দুজনের একশ ছাড়ানো জুটিতে ৪৪৩ রানের লিড নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি।
এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ।
এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে লিটন-মিরাজ ১৫৭ বলে ১১৪ রানের জুটিতে অপরাজিত আছেন। লিটন ৮১ ও মিরাজ ৩৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৭ রান। সোমবারের খেলায় প্রথম সেশনে এসেছে ১১৪ রান!
বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল।
The post লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড appeared first on Ctgtimes.com.
