জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক মতপার্থক্যের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান দল থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে দলের আহ্বায়ক বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রটি প্রকাশ করেন তিনি।
পদত্যাগপত্রে আব্দুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তবে দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং আদর্শিক বিচ্যুতির কারণে তিনি চরমভাবে হতাশ হয়েছেন।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতা-বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী ও রাজনৈতিক সমঝোতার ফলে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের আদর্শের প্রভাব বিস্তার ঘটছে। জামায়াত প্রশ্নে দলের অনেক প্রতিষ্ঠাকালীন মেধাবী ও সম্ভাবনাময় নেতৃত্বও ইতোপূর্বে এনসিপি ছেড়েছেন বলে তিনি দাবি করেন।
আব্দুর রহমান আরও উল্লেখ করেন, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার পর দলের সহকর্মীদের অনেকে তাঁকে ‘মুজিববাদী’ ট্যাগ দেন। এটি তার মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং সহকর্মীদের সঙ্গে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করেছে।
দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের অসংগতি রয়েছে উল্লেখ করে তিনি এনসিপির সঙ্গে পথচলার ইতি টানার সিদ্ধান্ত নেন। তবে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এনসিপি ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে এনসিপি থেকে প্রাথমিক মনোনয়ন পেলেও পরবর্তীতে জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন জানান আব্দুর রহমান। বর্তমানে তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
কে
