রূপকথার জাদুকরি জগৎ ‘নার্নিয়া’ প্রায় দেড় যুগ পর আবারও বড় পর্দায় ফিরছে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন সিনেমা ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর প্রথম আনুষ্ঠানিক ট্রেলার। ২০২৩ সালে ‘বার্বি’ বানিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলা খ্যাতিমান নির্মাতা গ্রেটা গারউইগের পরিচালনায় এক সম্পূর্ণ নতুন রূপ নিয়ে দর্শকের সামনে আসতে চলেছে কল্পকাহিনির এই জনপ্রিয় ইউনিভার্স।
ব্রিটিশ কথাসাহিত্যিক সি এস লুইসের বিখ্যাত সাত পর্বের উপন্যাস সিরিজ ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এর আগে এই সিরিজ থেকে নির্মিত তিনটি সফল চলচ্চিত্র মুক্তি পেয়েছিল—‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ান’ (২০০৮) এবং ‘দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)। বক্স অফিসে ওই তিন সিনেমা বিশ্বজুড়ে প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করেছিল। পরবর্তীতে এই সিরিজের স্বত্ব কিনে নিয়ে পুরো গল্পটিকে নতুন আঙ্গিকে বড় পর্দায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’ মূলত নার্নিয়া সৃষ্টির পেছনের আদি রহস্য ও রূপরেখা নিয়ে আবর্তিত হয়েছে। যেখানে পৃথিবী থেকে সাধারণ মানবশিশুরা জাদুর মাধ্যমে এক পরাবাস্তব জগতে প্রবেশ করে শুভ ও অশুভ শক্তির মধ্যকার লড়াইয়ে জড়িয়ে পড়ে। সদ্য প্রকাশিত ট্রেলারে দেখা যায়, জাদুকর অ্যান্ড্রু কেটারলি ডিগরি ও পলি নামের দুই শিশুকে বিশেষ একটি জাদুর আংটি দেন, যা তাদের সরাসরি নার্নিয়ার অদ্ভুত জগতে নিয়ে যায়। সেখানে পশুরা মানুষের ভাষায় কথা বলে এবং রাজ্যজুড়ে ঘুরে বেড়ায় পৌরাণিক নানা চরিত্র।
নতুন এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে হলিউডের শীর্ষ তারকাদের যুক্ত করা হয়েছে। জাদুকর অ্যান্ড্রু কেটারলির ভূমিকায় রূপ দিয়েছেন ড্যানিয়েল ক্রেগ। হোয়াইট উইচ বা ডাইনি জেডিসের শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন এমা ম্যাকি। এছাড়া নার্নিয়ার পরম রক্ষক সিংহ ‘আসলান’-এর বহুল পরিচিত চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
এই চলচ্চিত্রের মাধ্যমে নতুন এক নজির স্থাপন করতে যাচ্ছে নেটফ্লিক্স। এটি হতে যাচ্ছে তাদের প্রথম সিনেমা, যা স্ট্রিমিংয়ের আগে সরাসরি প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’। প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর একই বছরের ২ এপ্রিল থেকে প্ল্যাটফর্মটিতে বিশ্বব্যাপী স্ট্রিমিং শুরু হবে।
