মহব্বত আলী: যশোরে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় যশোর সদরের কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘আপন ঠিকানা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল আলীম, অভিভাবক সদস্য আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান এবং আপন ঠিকানার ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান মুকুল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আপন ঠিকানার এ উদ্যোগকে স্বাগত জানান।
সংগঠনের সভাপতি তানভীর রায়হান তুহিন বলেন, ‘আজকের এই তরুণ মেধাবীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার। শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলে সীমাবদ্ধ না থেকে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
