Published on
:
2 min read
টানা দু’দিন বৃদ্ধির পথে থাকল দেশের শেয়ার বাজার। বৃহস্পতিবার লাফিয়ে বৃদ্ধির পরে শুক্রবারও বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট। গত চার সেশন ধরে আইটি স্টকগুলির দুরন্ত পারফরম্যান্স এই বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে। শুক্রবার মেটাল, অটো, পিএসইউ ব্যাঙ্কগুলিরও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ৪১৩ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ। এর জেরে সপ্তাহের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৭৪,৭২৯ পয়েন্টে। অন্য দিকে শুক্রবার ১৪৯ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বৃদ্ধির জেরে নিফটি রয়েছে ২৩,১৪৬ পয়েন্টে। লার্জ ক্যাপ স্টকে কেনাকাটা অব্যাহত মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলি তুলনায় দুর্বল ছিল। স্মল ক্যাপ ইনডেক্স প্রায় ফ্ল্যাট রয়েছে এবং মিড ক্যাপ ইনডেক্সগুলির পয়েন্ট কমেছে।
সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে নিফটি আইটি (৩.৯২%)। এ সপ্তাহ জুড়েই নিফটি আইটি সূচকে বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে। শুক্রবার নিফটি-তে মিডিয়া, সার্ভিসেস সেক্টর, মেটাল, অটো, পিএসইউ ব্যাঙ্ক, ট্যুরিজ়ম, ইনফ্রাস্ট্রাকচারের মতো সেক্টরাল ইনডেক্সেও বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে।
আইটি স্টকগুলিকে বড় অঙ্কের বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমা এবং টানা পাঁচ দিন টাকার দর বৃদ্ধি ভারতের শেয়ার বাজারের বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে বলে জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা।
আইটি শেয়ারে কেনাকাটা: টিসিএস, ইনফোসিস, টেক মহিন্দ্রা ও এইচসিএল টেকের মতো সংস্থার ভালো ত্রৈমাসিক ফল এবং ইতিবাচক মন্তব্যে আইটি স্টকে কেনাকাটা বেড়েছে। টানা চার সেশন ধরে এই সূচকে বৃদ্ধি বাজারকে শক্তি জুগিয়েছে।
তেলের দাম কমা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতের আমদানি খরচ ও মূল্যবৃদ্ধির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
টাকার দরে বৃদ্ধি: টানা পাঁচ দিন টাকার দরে বৃদ্ধি হয়েছে। এর জেরে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় দর হয়েছে ৯৪.৯৬। গত সপ্তাহের এই দর নেমেছিল ৯৬.৯৬-এ। যা ছিল রেকর্ড লো। সেই পর্যায় থেকে টাকার ঘুরে দাঁড়ানো বাজারের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
