ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে চুল কেটে নির্যাতন
প্রভাত সংবাদদাতা, ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে (২৮) জোর করে মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই নারী চিৎকার করতে থাকলেও নির্যাতন চালিয়ে যান দুই যুবক। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৩৮ সেকেন্ড ও ১ মিনিট ৩০ সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়ার পর খোঁজ নিয়ে জানা যায়, রবিবার (১১ অক্টোবর) বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নারী ওই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জলিল মোল্লা।
ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই নারীকে একটি চেয়ারে বসিয়ে নির্যাতন করা হচ্ছে। এ সময় কালো টি-শার্ট পরিহিত এক যুবক তার হাত টেনে ধরে রাখেন। চেক টি-শার্ট পরিহিত অপর এক যুবক কাঁচি দিয়ে ওই নারীর মাথার চুল এবড়োখেবড়োভাবে কাটতে থাকেন। নির্যাতন থেকে বাঁচতে ওই নারী আর্তচিৎকার করতে থাকলেও নির্যাতন চলতে থাকে। ভিডিওর শেষের দিকে দুজনই ওই নারীর মুখে থাপ্পড় দিতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনকারী দুই যুবক হলেন সুমন হোসেন ও জয় হোসেন। তাদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে। তারা ওই সৌদি প্রবাসীর ভাগনে। অপরদিকে ১ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, রাতে ওই নারীকে তার কথিত পরকীয়া প্রেমিকসহ একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। তখন তাদের দুজনকেই মারধর করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই নারী শনিবার (১০ অক্টোবর) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। শনিবার দিবাগত রাতে তার কক্ষ থেকে পরিবারের সদস্যরা এক যুবকসহ তাকে আটক করেন। এ সময় ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাদের দিনভর আটকে রেখে বিকেলে ওই নারীর চুল কেটে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আটক ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। কেউ অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়া কখনোই কাম্য নয়। এ ধরনের কাজ অবশ্যই আইনবিরোধী।
More News Of This Category

