সৌদি আরবের রাজধানী রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ। সৌদি বাহিনী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এর আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।
এদিকে, ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানিয়েছেন, সৌদি বাহিনী রাজধানী রিয়াদমুখী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হুথি মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আরব।
তবে রিয়াদে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি
