মাদারীপুরের কালকিনিতে চায়ের দোকানে বোরকা পরে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগ উঠেেছ। পরে দুই পক্ষের সংঘর্ষে হামলাকারী দলের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাইজুল সরদার (২২) সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে। আহতরা হলেন কালিনগরের মোতালেব চৌদিকারের দুই ছেলে মহসিন চৌকিদার ও জহির চৌদিকার। আহত অন্যজন হলেন কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে আল আমিন সরদার।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হামলা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাইজুলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
