The Sangbad · general
শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
১৮/১০/২০২৬

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে যৌথ অভিযান চালিয়ে কালিন্দী নদীর পারের কালীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা ও দেবহাটা থানা এবং র্যাবের (এসআরবি-৬) যৌথ দলের সাঁড়াশি অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।এর আগে ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবক গণপিটুনির শিকার হয়ে মারা যান। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।ভাইকে হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই আব্দুল জলিল। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। মামলায় পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনিকে প্রধান আসামি করা হয়। এর আগে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছিল। প্রধান আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট তিনজনকে আইনের আওতায় আনা হলো।
মূল প্রতিবেদনে যান ↗