Published : 14 Oct 2026, 07:27 PM
Updated : 14 Oct 2026, 07:27 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোবাইল ফোনে গেইম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই বন্ধু আহত হয়েছেন; যাদের মধ্যে একজনের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের খেঁজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ পলাশ।
আহতরা হলেন- ওই গ্রামের কবির হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫) এবং একই এলাকার আব্দুল মতিনের ছেলে সাকিল আহমেদ (২৫)।
বুধবার দুপুরে চিকিৎসক পলাশ বলেন, রুবেলের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া সাকিলকে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। তবে মোবাইল ফোন বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্বজনরা জানান, রুবেল ও সাকিল প্রতিবেশী। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ঘটনার সময় তারা বিলের পাশে বসে মোবাইলে গেইম খেলছিল। হঠাৎ বিকট শব্দে মোবাইলটি বিস্ফোরণ ঘটে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সান। সেখানে জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গেইম খেলার সময় মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।
সোনাপুর ইউনিয়নের জামায়াত নেতা মনির সাকিব বলেন, বিস্ফোরণ হওয়া মোবাইলটি ‘রেডমি’ কোম্পানির ছিল বলে জানা গেছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ জালাল কিসমত বলেন, ঘটনাটি শুনেছেন তিনি। তবে কি মোবাইল বা কেন ঘটনাটি ঘটেছে তা জানা নেই তার।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি ফেইসবুকে দেখেছেন তিনি। তবে এ ঘটনায় থানায় কেউ কিছু জানাননি।
