‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার জামিল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সুশীলনের সাতক্ষীরা উপপরিচালক জি এম মনিরুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান। আলোচনা সভা শেষে অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী বাবলু রহমান, প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
